কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বর্তমান পরিস্থিত ও আদালতের রায়কে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।
গত কয়েক দিনের এই আন্দোলন বিবিসি, রয়টার্স, আল-জাজিরা, সিএনএন, দ্য হিন্দুসহ বেশ কিছু গণমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ‘প্রাণঘাতী অস্থিরতার পর চাকরিতে কোটা বাতিল করলো বাংলাদেশি আদালত’ শিরোনামের এক প্রতিবেদন প্রকাশ করে।
বিবিসি বলছে, সরকারি চাকরিতে বেশিরভাগ কোটা বাতিল করেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এই কোটা ঘিরে দেশজুড়ে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ে, এই সংঘাতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন।
সিএনএন ‘সর্বোচ্চ আদালতের রায়ে বেশিরভাগ কোটা বাতিল’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বিক্ষোভ দমনে কারফিউ জারি ও সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে রায়ের বিষয়টি তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, এই কোটা নিয়ে দেশজুড়ে ছাত্র বিক্ষোভ শুরু হয়, যাতে অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। সেনা মোতায়েনের কথাও বলা হয়েছে প্রতিবেদনটিতে।
এছাড়াও আল-জাজিরার লাইভে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং ঢাকার পরিস্থিতি তুলে ধরা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের লাইভে কোটা আন্দোলন নিয়ে সহিংসতা, কারফিউ জারি ও আদালতের রায়ের খবর প্রচার করা হয়েছে।
আর দ্যা হিন্দু এবং পাকিস্তানের প্রভাবশালী বিভিন্ন সংবাদমাধ্যমও সংবাদ প্রচার করেছে।







