ক্রিকেট

বাংলাদেশি আম্পায়ারের দিকে ক্ষোভ ঝেরে শাস্তি পাকিস্তান তারকার

বাংলাদেশি আম্পায়ারের দিকে ক্ষোভ ঝেরে শাস্তি পাকিস্তান তারকার

বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শাস্তি পেলেন পাকিস্তান পেসার হারিস রউফ। শুধু আম্পায়ার নয়, তিনি তর্কে জড়ান প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথেও। আচরণবিধি ভঙ্গে তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে গত ২৫ অক্টোবর ইল্যান্ডের বিপক্ষে ম্যাচে এমন ঘটনার জন্ম দেন রউফ। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ইনিংসের ৪৬তম ওভারে স্যাম কারেনের করা শেষ বলটি ওয়াইড দাবি করেন অপরপ্রান্তে থাকা রউফ। আম্পায়ার শরফুদ্দৌলা ওয়াইডের সংকেত না দিলে ক্ষুব্ধ হন তিনি। এরপরও থেমে থাকেননি রউফ, মিড-অনে থাকা উইল জ্যাকসের দিকে ব্যাট উঁচিয়ে এগিয়ে যান। শরফুদ্দৌলা তাকে থামানোর চেষ্টা করলেও থামেননি। শেষপর্যন্ত জো রুট এসে রউফকে শান্ত করেন।

আইসিসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রউফ আচরণবিধির ২.২০ ধারা ভঙ্গ করেছেন। যা খেলার চেতনার পরিপন্থী আচরণ প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত। তিনি ম্যাচ কর্মকর্তাদের আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন, ২০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্টের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন।

নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভার পিছিয়ে থাকায় ধীরগতির ওভার রেটের দায়ে ইংল্যান্ড খেলোয়াড়দেরও ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অধিনায়ক হ্যারি ব্রুক অভিযোগ ও শাস্তি মেনে নিয়েছেন।

বিষয়:আচরণবিধি ভঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত শাস্তি হারিস রউফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…