আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। ফাইনালে বাংলাদেশ নৌবাহিনীকে ৪-৩ গোলে হারিয়েছে বিমান বাহিনী।
বুধবার ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের হকি মাঠে টুর্নামেন্টের ফাইনাল গড়ায়। অসাধারণ পারফরম্যান্স করে সেরা খেলোয়াড় হন বাংলাদেশ নৌবাহিনী হকি দলের পিও (মিউজিক) আশরাফুল।
বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ২০ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২০ ডিসেম্বর প্রধান পরামর্শক জেনারেল (সিসিজি) মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল ভূঞা প্রতিযোগিতার উদ্বোধন করেন। টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর দল অংশগ্রহণ করে।







