অপরাধ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ ৪ জন ডিবি কার্যালয়ে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ ৪ জন ডিবি কার্যালয়ে

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক চারজনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস ও একজন নারী রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাঁদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আয়াসকে আটক করা হয়েছে।

শাহবাগ থানা থেকে চারজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সেখানে নেওয়া হয়েছে।

এদিকে দেয়ালচিত্র নিয়ে বিতর্কের মধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিতার্কিক ডা. আব্দুন নূর তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে লেখেন, ‘দেয়ালে রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, বিদ্যাসাগরের ছবি তা নিয়ে এত প্রলাপ, এত বিলাপ কেন?’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শিল্পকলা একাডেমির পাশের দেয়ালে ১০ জন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের গ্রাফিতি আঁকা হয়। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, জয়নুল আবেদিন, এস এম সুলতান, জহির রায়হান, শাহ আবদুল করিম ও হুমায়ূন ফরীদি। পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সত্যজিৎ রায়ের প্রতিকৃতিও রয়েছে তালিকায়।

গ্রাফিতিতে পশ্চিমবঙ্গের ব্যক্তিত্বদের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়। তালিকায় বাংলাদেশের আরও ব্যক্তিত্বকে রাখা যেত কি না এবং কোনো নারী ব্যক্তিত্বের প্রতিকৃতি না থাকার বিষয়েও প্রশ্ন ওঠে।

সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে দেয়ালচিত্রগুলো আঁকে ডিএসসিসি। সেখানে ডাস্টবিন ও পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চও বসানো হয়। কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

বিষয়:আটক ৪ ডিবি কার্যালয় রবীন্দ্রনাথের গ্রাফিতি শাহবাগ থানা পুলিশ শিল্পকলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…