আন্তর্জাতিক

সুশাসন নিশ্চিত করতে পাকিস্তানে ১২টি প্রদেশ গঠনের চিন্তা

সুশাসন নিশ্চিত করতে পাকিস্তানে ১২টি প্রদেশ গঠনের চিন্তা

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

সুশাসন নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ ভেঙে ১২টি প্রদেশ গঠনের বিষয়টি বিবেচনা করছে দেশটির সরকার। এ প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে নতুন প্রদেশ গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক রূপরেখা ঘোষণা করা হয়নি।

রোববার (৮ নভেম্বর) জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, প্রশাসনিক প্রয়োজনে পাকিস্তানে ১২টি প্রদেশ গঠনের প্রস্তাব থাকলে তা বিবেচনা করা যেতে পারে। তবে ভাষা, জাতিগত পরিচয় কিংবা রাজনৈতিক স্বার্থের ভিত্তিতে কোনো প্রদেশ গঠন করা উচিত নয়।

পাকিস্তানের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের এ আলোচনা নতুন করে গতি পেয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও ছোট ছোট প্রদেশ গঠনের পক্ষে মত দিয়েছিলেন। ২০২৭ সালে সংবিধানে বড় ধরনের পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত পরিকল্পনায় পাঞ্জাবকে চারটি, খাইবার পাখতুনখোয়াকে তিনটি, বেলুচিস্তানকে তিনটি এবং সিন্ধুকে দুটি প্রদেশে ভাগ করার কথা রয়েছে। এতে বর্তমান চারটি প্রদেশ বেড়ে দাঁড়াবে ১২টিতে।

এ পরিকল্পনা বাস্তবায়নে দেশজুড়ে গণভোট এবং সংবিধানের ২৮তম সংশোধনীর বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এগুলোর কোনোটিই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত সরকারি উদ্যোগ হিসেবে নিশ্চিত করা হয়নি। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ২০২৭ সালের শুরুতে এ বিষয়ে প্রস্তুতিমূলক কাজ শুরু হতে পারে। বছরের প্রথমার্ধে সাংবিধানিক পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় আসতে পারে।

ছোট ছোট প্রদেশ গঠনের পক্ষের সমর্থকদের যুক্তি, পাকিস্তানের ক্রমবর্ধমান জনসংখ্যা ও বড় শহরগুলোর বিস্তারের কারণে চারটি প্রদেশের মাধ্যমে কার্যকর প্রশাসন পরিচালনা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে সিদ্ধান্ত গ্রহণ ও আর্থিক ক্ষমতা মূলত লাহোর, করাচি, পেশোয়ার ও কোয়েটার মতো প্রাদেশিক রাজধানীকেন্দ্রিক। ফলে ছোট শহর ও প্রত্যন্ত জেলার মানুষ সরকারি সেবা ও উন্নয়ন সুবিধা থেকে পিছিয়ে থাকছেন।

খাজা আসিফের মতে, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা হলে স্থানীয় পর্যায়ে সরাসরি সম্পদ ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়বে। এতে সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছানো সহজ হবে।

প্রতিরক্ষামন্ত্রী বিদ্যমান আর্থিক বণ্টনব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, কেন্দ্রীয় সরকার থেকে প্রদেশগুলোর কাছে পাঠানো অর্থের বড় অংশ প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণেই থেকে যায়। স্থানীয় প্রতিষ্ঠানগুলো পর্যন্ত প্রয়োজনীয় অর্থ পৌঁছায় না।

তবে নতুন প্রদেশ গঠন করলেই সুশাসন নিশ্চিত হবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় সরকারব্যবস্থাকে আরও শক্তিশালী ও আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় এসেছে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নতুন প্রদেশ গঠনের জন্য বড় ধরনের সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ অনুসারে, সাধারণত কোনো সাংবিধানিক সংশোধনী পাস করতে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যসংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন।

এ ছাড়া বিদ্যমান কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের মোট সদস্যসংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশের অনুমোদন নিতে হবে। অর্থাৎ পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া কিংবা বেলুচিস্তান ভাগ করতে হলে কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ে ব্যাপক রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন হবে।

এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। নতুন প্রদেশের সীমানা নির্ধারণ, আর্থিক সম্পদের বণ্টন, পার্লামেন্টে প্রতিনিধিত্ব, প্রশাসনিক ব্যয় এবং প্রাদেশিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নিতে হবে।

সব মিলিয়ে, পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের আলোচনা জোরালো হলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক রূপরেখা ঘোষণা করেনি সরকার।

বিষয়:খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের প্রশাসনিক কাঠামো সুশাসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…