সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।
আজ (১০ আগস্ট) সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকার ওই সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির খবর পাওয়ার পর নিহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নওগাঁর আত্রাই উপজেলার নিহতদের মধ্যে রয়েছেন গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক, পিতা মো. সাইদুর রহমান; মো. কলিমউদ্দিন, পিতা মৃত বজলুর প্রামানিক; মো. মোহন ও মো. সুমন, তাদের পিতা গুফফার প্রামানিক এবং খরস্রোতা গ্রামের মজিদুল, পিতা মজনু। এছাড়া একই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং সাদনগর গ্রামের সাগর নিহত হয়েছেন। মিনহাজের গ্রামের আরেক নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
নাটোরের নলডাঙ্গা উপজেলার নিহত দুজন হলেন দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বির। অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম, ডাংগাপাড়া এলাকার শ্যামলও এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের পরিচয় যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর অগ্নিকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।


