টিকটক এর চীনা সংস্করণ ‘ডোওয়িনে’ লাইভ স্ট্রিম চলাকালীন সময়ে ৭ বোতল ‘বাইজিউ’ পান করে ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে মৃত্যুবরণ করে একজন চীনা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বাইজিউ ‘চাইনিজ ভদকা’ নামেই পরিচিত।
এনডিটিভি জানায়, গত ১৬ মে রাত ১টায় ৩৪ বছর বয়সী সানকিয়াঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির লাইভে এসে মদ্যপান চ্যালেঞ্জ শুরু করেছিলেন। চ্যালেঞ্জটি ছিল বাইজিউ পান করা নিয়ে, যেটাতে সাধারণত ৩০ থেকে ৬০ শতাংশ অ্যালকোহল থাকে।
চীনা মিডিয়া জানিয়েছে, দর্শকদের মতে, তিনি কমপক্ষে সাত বোতল বাইজিউ স্পিরিট পান করেছিলেন। এবং এর ১২ ঘণ্টা পরে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।
নিহতের বন্ধু ঝাও বলেন, সে কতখানি বাইজিউ পান করেছিল, তা আমি জানি না। কিন্তু ভিডিওর শেষ অংশে, আমি তাকে তিনটি বোতল শেষ করতে দেখেছি। তার পরিবার তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
দেশটির মিডিয়া নিশ্চিত করেছে, সানকিয়াঙ্গে অতিরিক্ত মদ্যপানের কারণে মারা গেছেন।








