মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) বর্তমান চেয়ারম্যান এবং এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা সৈয়দ মনজুর এলাহী (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুবুর রহমান জানান, সৈয়দ মনজুর এলাহীর মরদেহ আজ ঢাকায় আনার চেষ্টা করছে পরিবার।
১৯৪২ সালে জন্ম নেয়া সৈয়দ মনজুর এলাহী বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং ‘ডিএইচএল-দ্য ডেইলি স্টার’ আজীবন সম্মাননা পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন।
১৯৭৫ সালে মাত্র ১২ লাখ টাকা দিয়ে তিনি ওরিয়েন্ট ট্যানারি কেনেন, যা পরবর্তীতে এপেক্স গ্রুপের বিশাল বহুমুখী ব্যবসায় রূপ নেয়। এপেক্স ফুটওয়্যার এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম জুতার কোম্পানি, যা দেশের বাজারের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিও করছে।







