রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের ৩ দফা

ছবি: সংগৃহীত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে তিন দফা যুদ্ধবিরতি পরিকল্পনা দিয়েছে ভারত। এতে জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বন্ধ, কৃষিপণ্য ও জ্বালানি পরিবহনের জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো সচল রাখা এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রস্তাব রয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
কূটনৈতিক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কিয়েভ সফরের সময় ইউক্রেনের কাছে এই প্রস্তাব তুলে ধরা হয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা বিষয়টি নিশ্চিত করেছেন।
সিবিহা বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে চারটি আন্তর্জাতিক উদ্যোগের প্রস্তাব পেয়েছে ইউক্রেন। এর মধ্যে ভারতের প্রস্তাবটি সবচেয়ে বিস্তৃত। তুরস্ক, মিসর ও যুক্তরাষ্ট্রও যুদ্ধবিরতির সম্ভাব্য প্রস্তাব দিয়েছে।
ভারতের প্রস্তাবের বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিয়েভ যুদ্ধবিরতির বিভিন্ন প্রস্তাব বিবেচনা করতে প্রস্তুত। তবে যেকোনো চুক্তিতে শুধু সামরিক অভিযান বন্ধের বিষয় নয়, জ্বালানি ও বন্দর অবকাঠামোয় হামলা এবং কৃষ্ণসাগরের পরিস্থিতিও অন্তর্ভুক্ত থাকতে হবে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ভারতের প্রস্তাবের প্রথম দফায় জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা বন্ধের কথা বলা হয়েছে। দ্বিতীয় দফায় কৃষ্ণসাগরের বন্দর দিয়ে খাদ্যশস্য ও জ্বালানি পরিবহন নির্বিঘ্ন রাখার প্রস্তাব রয়েছে। তৃতীয় দফায় কৃষ্ণসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের কথা বলা হয়েছে।
মিসর ও তুরস্কের প্রস্তাবের সঙ্গে ভারতের পরিকল্পনার কিছু পার্থক্য রয়েছে। দেশ দুটির প্রস্তাব মূলত কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য পরিবহন নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের মূল বিষয় হলো জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি সপ্তাহে বলেছেন, শুধু যুদ্ধ বন্ধের আহ্বান জানানো থেকে এখন বাস্তবভিত্তিক আলোচনায় এগিয়েছে ভারত। মস্কো ও কিয়েভের সঙ্গে উত্তেজনা কমানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করছে নয়াদিল্লি।
তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গেই আলোচনা হয়েছে। এসব আলোচনায় কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের মতো বিভিন্ন প্রস্তাব নিয়ে কথা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, যুদ্ধের অবসানে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে পেতে মোদির ‘চমৎকার কিছু ধারণা’ রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত এখন পর্যন্ত নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও দ্বিপক্ষীয় সম্পর্কের কারণে রাশিয়ার সরাসরি সমালোচনা থেকে বিরত থেকেছে নয়াদিল্লি।





