১৩ ঘণ্টার দীর্ঘ দুর্ভোগের পর কুয়েত বিমানবন্দরে আটকে থাকা ভারতীয় যাত্রীরা সোমবার (২ ডিসেম্বর) ভোরে গাল্ফ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্রিটেনের ম্যাঞ্চেস্টারের উদ্দেশে রওনা হয়েছেন। যাত্রীদের সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেয় কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস।
আনন্দবাজার জানিয়েছে, রোববার মুম্বাই থেকে ম্যাঞ্চেস্টারের উদ্দেশে যাত্রা করা গাল্ফ এয়ারলাইন্সের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা কুয়েত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অনেকের দাবি, উড়োজাহাজের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল।
উড়োজাহাজে থাকা যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন ভারতীয়। সঙ্গে ছিলেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কয়েকজন যাত্রী। অভিযোগ ওঠে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যাত্রীদের দ্রুত সুবিধা দেওয়া হলেও ভারতীয় যাত্রীদের বিমানবন্দরে অবহেলিত অবস্থায় ফেলে রাখা হয়। তাদের পানি, খাবার এমনকি শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজনীয় কম্বলও সরবরাহ করা হয়নি।
ভারতীয় যাত্রীরা কুয়েতে ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা না পাওয়ায় তাদের বিমানবন্দর ত্যাগেও বাধা আসে। এ অবস্থায় দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের জন্য খাবার এবং পানি সরবরাহ করেন। দূতাবাস সূত্রে জানানো হয়, আন্তর্জাতিক সম্মেলনের কারণে বিমানবন্দরের কাছাকাছি হোটেল ফাঁকা না থাকায় যাত্রীদের জন্য বিমানবন্দরের দুটি লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়। তবে যাত্রীদের একাংশের অভিযোগ, প্রথমে তাদের লাউঞ্জে ঢুকতে বাধা দেওয়া হয়।
সবশেষে দূতাবাসের হস্তক্ষেপে সমস্যার সমাধান হলে ভোর সাড়ে ৪টা নাগাদ উড়োজাহাজে ওঠেন যাত্রীরা।








