হামলার মধ্যেই ককপিটের দরজা খুলে যাত্রীদের বাঁচালেন ভারতীয় পাইলট
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে যা জানালেন পাইলট স্মিত মচ্ছর

ছবি: সংগৃহীত
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের (এফজে১০৭৩) ফ্লাইটে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর মাঝআকাশে সহ-পাইলটের প্রাণঘাতী হামলার মুখে পড়েও চরম সাহসিকতায় ককপিটের দরজা খুলে ১৭০ জনের বেশি যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে সহ-পাইলটের হামলার শিকার হন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। এ সময় উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নামতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ককপিটের দরজা খোলার সিদ্ধান্ত নেন তিনি। পরে উড়োজাহাজটি সৌদি আরবে জরুরি অবতরণের জন্য ঘুরিয়ে নেওয়া হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপকালে স্মিত জানান, তিনি তখন মাটিতে পড়ে ছিলেন এবং সহ-পাইলটের ওপর হামলা চলছিল। কিন্তু উড়োজাহাজটি নিচে নামতে দেখে পরিস্থিতি সামাল দিতে তাকে কিছু একটা করতেই হবে বলে মনে হয়।
তিনি বলেন, আমি আহত অবস্থায় মেঝেতে পড়ে ছিলাম। তারপরও নিজেকে বললাম, ভেতর থেকে দরজা খোলার জন্য শেষবারের মতো চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, অন্যরাও ভেতরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। অবশ্যই আমি নিজের জীবন বাঁচানোর জন্য লড়ছিলাম। একই সময়ে আমি জানতাম, অন্যদের মরতে দিতে পারি না।
আলাপকালে নরেন্দ্র মোদি বলেন, স্মিত আপনার তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ফ্লাইটে থাকা যাত্রীদের প্রাণ বাঁচিয়েছে। আমি গর্বিত যে আপনার মতো মানুষ ভারতীয় নাগরিক, আপনার এই ত্যাগ পৃথিবীর মানুষকে জানাবে ভারতীয়রা নিজেদের মানুষের জন্য সর্বদা প্রাণ দিতে প্রস্তুত।
ঘটনার পর উড়োজাহাজটি সৌদি আরবের দিকে ঘুরিয়ে নেওয়া হয়। স্মিতকে প্রথমে উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আকাশপথে আবুধাবিতে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও মাচ্ছারকে সত্যিকারের নায়ক হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে ভারতের দূতাবাস বৃহস্পতিবার জানিয়েছে, স্মিত ‘সুস্থ আছেন এবং দ্রুত সেরে উঠছেন’। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল তার সঙ্গে দেখা করে পাইলটের সাহসিকতায় গর্ব প্রকাশ করেন এবং তার সুস্থতার অগ্রগতিতে স্বস্তি জানান।
ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।






