দেশে পৌঁছেছে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে।
মরদেহ বহনকারী বিমানটি শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ১২মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তা গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাহেদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়ার বিষয়টি জানানো হয়।
গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩ জনের মধ্যে ছিলেন শাহেদ আহম্মেদ। ওই হামলায় নিহত অন্য বাংলাদেশি হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের ওমরাহ ভিসাধারী মো. নাসরুল্লাহ বদরপুরি। হামলায় আহত হন আরও ২৭ বাংলাদেশি।
এদিকে, নিহত শাহেদের মরদেহ হস্তান্তরকালে নিহতের পরিবারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে লাশ দাফন ও যাতায়াত বাবদ ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে মর্মান্তিকভাবে প্রাণ হারানোর কারণে বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।






