ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত সিন্ধু জল চুক্তিতে সম্মত নয়। ভারত কোনোভাবেই কারো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না।
শুক্রবার ১৫ আগস্ট ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে এ কথা বলেন। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
ভাষণে মোদি বলেন, ‘সিন্ধু পানি চুক্তি ভারতের জনগণের প্রতি অবিচার ছিল। ভারতের পানি তাদের শত্রুদের জমি সেচের কাজে ব্যবহার হয়েছে, অথচ আমাদের ভূমি শুকনো থাকছে। এখন ভারত ও ভারতীয় কৃষকরা তাদের প্রাপ্য পানির অধিকার ফিরে পাবে।’
তিনি স্পষ্ট করে জানান, কৃষক ও দেশের স্বার্থে ভারত আর সিন্ধু পানি চুক্তিতে সম্মত নয়। জল এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না।
এদিকে ইসলামাবাদ নয়াদিল্লিকে সিন্ধু জল চুক্তির স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে।
এর আগে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, অতিরিক্ত পদক্ষেপ হিসেবে সিন্ধু নদীর জলপথে ভারত যদি কোনো অবকাঠামো করে পাকিস্তানের জল প্রবাহকে বাধাগ্রস্ত করে, পাকিস্তান সেটি ধ্বংস করতে দ্বিধা করবে না, কারণ তাদের মিসাইলের কোনো ঘাটতি নেই।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা ‘বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে।’
১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সিন্ধু নদীর জল বণ্টনের জন্য জন্য। তবে ২২শে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক মানুষের প্রাণহানির পর ভারত এই চুক্তি একক ভাবে স্থগিত করেছিল।







