টি-টুয়েন্টিতে একবছরে সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান করার বিশ্বরেকর্ড ছিল যৌথভাবে ভারত, জাপান ও ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্সের দখলে। বাকিদের পেছনে ফেলে রেকর্ডটি এককভাবে দখলে নিলো ভারত। রেকর্ড গড়ার ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ১১ রানে জয় তুলেছে টিম ইন্ডিয়া।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বুধবার রাতে প্রোটিয়াদের সঙ্গে চার ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে তৃতীয়টিতে মুখোমুখি হয়েছিল ভারত। প্রথমে ব্যাটে নেমে ৬ উইকেটে ২১৯ রান তোলে সূর্যকুমার যাদবের দল। তাড়া করতে নেমে সাউথ আফ্রিকার ইনিংস থামে ২০৮ রানে। ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেলা তিলক ভার্মা হয়েছেন ম্যাচসেরা।
২০২৪ সালে সবশেষ ম্যাচসহ ৮ বার দুইশ বা তার বেশি রানের ইনিংস খেলেছে ভারত। যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ও স্বীকৃত টি-টুয়েন্টি মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে কোনো দলের রেকর্ড। আগের রেকর্ডে একবছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বা তার বেশি রান করতে পেরেছিল কোনো দল। ২০২৩ সালে ভারত, ২০২৪ সালে জাপান ও ২০২২ সালে বার্মিংহাম বিয়ার্সের পাশে ছিল আগের রেকর্ড।







