মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের মাত্র কিছুদিন বাকি। আসরের হট-ফেভারিট ভারত, আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে। পরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে খেলবে। অনেক দল যুক্তরাষ্ট্রে রওনা হলেও ভারত এখনও ব্যস্ত আইপিএল নিয়ে। ব্যস্ত সূচির মধ্যে সংবাদ মাধ্যমে সময় দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। বলেছেন, শিরোপা জেতা শুধু ব্যক্তিগত অর্জনের জন্য নয়।
৩৭ বর্ষী রোহিত বলেছেন, ‘যখন ভারতের অধিনায়কত্ব গ্রহণ করলাম, শুধু চেয়েছিলাম দলকে একটি দিকে এগিয়ে নিতে, যেভাবে দলগতভাবে খেলা যায়। বিষয়টি এমন ছিল না যে শুধু ব্যক্তিগত অর্জন, ব্যক্তিগত লক্ষ্যের দিকে, বিষয়টি ছিল ১১ জন খেলে কীভাবে শিরোপা আনা যায়।’
অনেকের ধারণা বিশ্বকাপ মিশন শেষে ভারত অধিনায়ক অবসরে যাবেন। বিষয়টি মোটেও তেমন নয়, আরও কয়েক বছর খেলতে চান রোহিত।
‘সময়টি বেশ সুখকর ছিল। প্রায় ১৭ বছর হয়ে গেছে। আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চাই এবং বিশ্ব ক্রিকেটে একটি প্রভাব রেখে যেতে চাই। আমার জীবনের উত্থানের চেয়ে পতন বেশি দেখেছি এবং এটাই মানুষের জীবনচক্র। আজকের আমি যা, সেটা আমার অতীতের ওই সকল উত্থান-পতন থেকে।’







