বরখাস্ত করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আন্তর্জাতিক ক্রিকেট ডিরেক্টর উসমান ওয়াহালাকে। খবর, ভারত-পাকিস্তান ম্যাচের ‘হ্যান্ডশেক’ বিতর্কের জেরে পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসীন নাকভি তাকে বরখাস্ত করেছেন।
একইসময়ে পাকিস্তান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোড অব কন্ডাক্ট ভাঙা ও এমসিসির স্পিরিট অব ক্রিকেট ভঙ্গ করার দাবি তুলে অভিযুক্ত করেছে। তাকে এশিয়া কাপের আসর থেকে অপসারণের জন্য আইসিসির কাছে আবেদনও করেছে পিসিবি।
ঘটনার শুরু ছিল টসের পর। পাকিস্তান অধিনায়ক সালমান আলীর সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষেও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার ও শিভম দুবে। ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা সাজঘর থেকে নামেননি। অন্যদিকে পাকিস্তান দল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অপেক্ষা করছিল মাঠে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান নাকভি। তার লেখায় ইঙ্গিত ছিল, অ্যান্ডি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘাকে টসের সময় হ্যান্ডশেকের কথা বলেননি। শেষে পোস্ট ম্যাচ কনফারেন্স এড়িয়ে যান সালমান।
যদিও পাকিস্তান কোচ মাইক হেসন পরে বলেছেন, ‘ভারতীয় দল যা করেছে তা উচিত হয়নি। যেজন্য পাকিস্তানের প্রতিক্রিয়াটি স্বাভাবিক।’
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নীতি অনুযায়ী, এটি স্পিরিট অব ক্রিকেটের অন্তর্ভুক্ত। যাতে স্পষ্ট বলা আছে, প্রতিপক্ষকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং আপনার নিজের দলের সাফল্য উপভোগ করুন। ফলাফল যা-ই হোক না কেন, ম্যাচ শেষে কর্মকর্তাদের এবং আপনার প্রতিপক্ষকে ধন্যবাদ জানান। অন্যথায় এটি আইসিসির আচরণবিধি অনুচ্ছেদ ২.১.১এর ধারা অনুযায়ী খেলার চেতনার পরিপন্থী আচরণ হিসেবে বিবেচিত হবে। যা লেভেল ১ ধরনের অপরাধ হিসেবে তালিকাভুক্ত হবে।







