রাজনৈতিক কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো নেই ভারতের। আলোচনায় আসে দেশটির সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করছে ভারত। যদিও খেলার দুনিয়ায় সেটি সম্ভব হচ্ছে না। চলতি বছর ভারতের মাটিতে হতে চলা ছেলেদের হকি এশিয়া কাপে পাকিস্তান দলকে ভিসা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। বিষয়টি আয়োজক ফেডারেশন হকি ইন্ডিয়াকেও (এইচআই) ইতিমধ্যে জানানো হয়েছে।
পাকিস্তানকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না দিলে নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত। এমন ভেবেই মূলত ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতীয় গণমাধ্যম বলছে, ‘সিদ্ধান্তটি নেয়া হয়েছে অলিম্পিক চার্টারের অনুসরণে, যা খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে বলে। ভারত যদি হকির দুই টুর্নামেন্টে পাকিস্তান দলের অংশগ্রহণ অনুমোদন না করত, তাহলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃপক্ষের শাস্তির মুখোমুখি হতে হতো।’
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, একটি নির্দিষ্ট দলকে খেলার সুযোগ না দিলে বিশ্ব হকিতে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকত ভারত। পাশাপাশি ভারত সরকার আগামী একযুগের মধ্যে কমনওয়েলথ গেমস ও অলিম্পিক গেমস আয়োজনের যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেটির ক্ষেত্রেও নেতিবাচক পরিস্থিতি তৈরি হতো। যে কারণে আগস্টের হকি এশিয়া কাপ ও নভেম্বরের জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণের বিষয়ে অভ্যন্তরীণ অনুমোদন দিয়েছে ভারত সরকার।
বিহারের রাজগিরে আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর হবে হকি এশিয়া কাপ। ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর হকি জুনিয়র বিশ্বকাপ হবে তামিলনাড়ুর মাদুরাইতে।







