ভারত জাতীয় নারী দলের অবিচ্ছেদ্য অংশ জেমিমাহ রদ্রিগেজ। খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপেও। আসরে ভালো করতে পারেনি ভারত। এসময়েই জেমিমাহকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে মুম্বাইয়ের একটি ক্রিকেট ক্লাব, বাতিল করেছে তার সদস্যপদ।
দেশটির সংবাদমাধ্যমে খবর, ২০২৩ সালে মুম্বাইয়ের প্রাচীনতম ক্লাব খার জিমখানার সদস্য হিসেবে যোগ দেন জেমিমাহ। এরপর থেকে ক্লাবের সকল সুবিধা তার জন্য উন্মুক্ত হয়। তবে সুবিধা নিয়ে ক্লাবঘরে জেমিমাহর বাবা ইভান বেশকিছু ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন, যা নিয়ে গোলমাল বেধেছে বলছে ক্লাব পক্ষ।
ক্লাবের প্রেসিডেন্ট বিবেক দেবদানি জানান, ‘জেমিমাহ রদ্রিগেজের তিন বছরের সম্মানসূচক সদস্যপদ ২০ অক্টোবরের সাধারণ সভা শেষে বাতিল করা সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
ভারতীয় ব্যাটারের বাবা ব্রাদার ম্যানুয়েল মিনিস্ট্রিজ নামের এক সংগঠনের সঙ্গে যুক্ত। গত দেড় বছরে সংগঠনের ৩৫টি অনুষ্ঠান আয়োজনে ক্লাবকে ব্যবহার করেছেন তিনি। যে সংগঠনের বিপক্ষে কাউকে ধর্মান্তরিত করার অভিযোগও আছে।







