ক্রিকেট

ভারতের বিশ্বকাপ জয়ে ‘বাধা’ হবে যারা

জানালেন সৌরভ গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেটাররা মাঠে উল্লাসে একে অপরকে জড়িয়ে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটাররা মাঠে উল্লাসে একে অপরকে জড়িয়ে ধরেছেন, খেলা শেষে আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাগতিক ভারতের বিপক্ষে দুপুরে মাঠে নেমেছে ইংল্যান্ড। এপর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবকটিতে জয় তুলেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের দৌড়ে অন্যদের চেয়ে বেশ এগিয়ে রোহিত শর্মার দল। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ে উড়তে থাকা দলটির বাধা হতে পারে কারা, জানালেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

লক্ষ্ণৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে রোববার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইংলিশদের মুখোমুখি হয়েছেন রোহিত-কোহলি। বাংলাদেশ সময় আড়াইটায় খেলা শুরু। টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

মাঠের লড়াইয়ের আগে বিশ্বচ্যাম্পিয়নরা রোহিতদের বাধা না হলেও সতর্ক থাকতে বলেছেন গাঙ্গুলি। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের সময় সৌরভ বলছেন, ‘ভারতের সব থেকে বড় দুই প্রতিপক্ষ এখন অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা।’

আসরে প্রথম দুই ম্যাচ হারের পর টানা চার জয় তুলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে প্যাট কামিন্সের দল। অন্যদিকে, উড়ন্ত ফর্মে থাকা সাউথ আফ্রিকা শুধু নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচে জয়ের দেখা পায়নি। প্রোটিয়ারা রয়েছে টেবিলের শীর্ষে। ছয়টি করে ম্যাচ খেলেছে দল দুটি।

বিশ্বমঞ্চে ইংল্যান্ডের খেলা দেখে হতাশ সৌরভ। তার ভাষ্য, ‘কোনদিন ভাবিনি ইংল্যান্ড এমন ক্রিকেট খেলবে। তবে এটাই ক্রিকেট। আগে থেকে কিছু বলা যায় না।’

বিষয়:ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ভারত রোহত সৌরভ গাঙ্গুলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…