ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে সহজ জয় পেয়েছিল ভারত। দ্বিতীয়টিতে মুদ্রার ওপিঠ দেখেছিল ভারত। তবে ব্যাটারদের ব্যর্থতার মাঝে তিলক ভার্মা একাই টেনে নেন দলকে। তার অনবদ্য ব্যাটিংয়ে ইংলিশদের ২ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত।
চেন্নাইয়ে টসে জিতে ইংলিশদের আগে ব্যাটে পাঠায় ভারত। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৬৫ রান তোলে ইংল্যান্ড। জবাবে নেমে ইনিংসের চার বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
আগে ব্যাটে নামা ইংলিশ ব্যাটারদের হয়ে জস বাটলার ৩০ বলে ৪৫ রান করেন। সফকারীদের ব্যক্তিগত পারফরম্যান্সে এটাই সর্বোচ্চ। এছাড়া ব্রাইডন কার্স ১৭ বলে ৩১ এবং জেমি স্মিথ ১২ বলে ২২ রান করেন। বাকিদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।
ভারতের হয়ে অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন।
জবাবে নেমে ব্যাটারদের ব্যর্থতার মুখোমুখি হয়েছে ভারত। ব্যাটারদের যাওয়া-আসার মিছিলে তিলক দলকে টেনে নেন। চারটি চার ও পাঁচটি ছক্কায় ৫৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে স্বাগতিকদের জয় উপহার দেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর ১৯ বলে ২৬ রান করেছেন। বাকিদের কেউ ভালো করতে পারেননি।
ইংল্যান্ডের হয়ে ব্রাইডন কার্স তিনটি উইকেট নেন।








