বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেল ভারত। পিঠের চোটে ছিটকে গেছেন অলরাউন্ডার শিভম দুবে। পরিবর্তে দলে যোগ দিয়েছেন তিলক ভার্মা।
বিসিসিআই জানিয়েছে, দুবের বদলি হিসেবে রোববার সকালে দলের সঙ্গে যোগ দেবেন তিলক। গোয়ালিয়রের সিন্ধিয়া স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টুয়েন্টি শুরু হবে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায়।
তরুণ অলরাউন্ডার তিলক ভার্মা সর্বশেষ আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছেন। এপর্যন্ত জাতীয় দল জার্সিতে ১৬ টি-টুয়েন্টি ম্যাচে ১৩৯.৪১ স্ট্রাইক রেটে ৩৩৬ রান করেছেন। সঙ্গে দুটি উইকেট নিয়েছেন ২১ বর্ষী তারকা। এই ফরম্যাটে তার দুটি হাফ-সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে ৩১ বর্ষী দুবে জুনে ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।
বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টুয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব ও তিলক ভার্মা।







