বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষুব্ধ জনতার বাস ভাঙচুর করার ঘটনায় সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
সোমবার (৩০ ডিসেম্বর) এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।
রোববার (২৯ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জে বাস চাপায় আবির আহমদ (১৪) নামের এক কিশোর রাস্তা পার হতে গিয়ে চলন্ত বাসের নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কিশোর জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজর নবম শ্রেণির ছাত্র এবং বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র ছেলে।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, দুর্ঘটনাকবলিত বাস ছাড়াও অন্তত আরও তিনটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর প্রতিবাদে সোমবার সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে পাশের একটি স্কুল মাঠে নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শ্রমিকদের দাবি, এ ঘটনায় চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।







