বুধবার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে রাজধানীর জনজীবন। দিনের বিভিন্ন সময়ে থেমে থেমে বৃষ্টি এবং কয়েকটি এলাকায় জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, পথচারী ও যানবাহনের যাত্রীরা। অফিস ছুটির পর গণপরিবহনের সংকট ও দীর্ঘ যানজটে দুর্ভোগ আরও বেড়ে যায়।
আজ (৮ জুলাই) বুধবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বৃষ্টির কারণে রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, আগারগাঁওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি কমে যায়। বাসস্টপগুলোতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী কাঙ্ক্ষিত পরিবহন পাননি। অনেকে বৃষ্টি থেকে বাঁচতে দোকানের ছাউনি কিংবা বিভিন্ন ভবনের নিচে আশ্রয় নেন।
অন্যদিকে মতিঝিল, ফার্মগেট, মিরপুরসহ কয়েকটি এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানির কারণে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাফেরাও কষ্টসাধ্য হয়ে পড়ে। নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।








