রাজধানীতে টানা বৃষ্টিতে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পর রোববার (১২ জুলাই) সকালেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অতিরিক্ত যাত্রীর চাপে গণপরিবহনে ওঠা নিয়ে হুড়োহুড়ি, দীর্ঘ যানজট এবং ভিজে গন্তব্যে পৌঁছানোর ভোগান্তিতে নাকাল হয়েছেন নগরবাসী।
সকালে রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির মধ্যেও সড়কে বাস চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর চাপ ছিল অনেক বেশি। বাস স্টপেজে বাস থামার সঙ্গে সঙ্গেই যাত্রীদের ভিড় দেখা যায়। অনেককে একাধিক বাস ছেড়ে দিয়েও উঠতে না পেরে অপেক্ষা করতে হয়েছে। বাসের ভেতরেও ছিল তীব্র ভিড়।
বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি কমে যায়। ইসিবি চত্বর, আগারগাঁও, পল্লবী ও শাহবাগ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে অনেকের স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লেগেছে।
সরেজমিনে আরও দেখা গেছে, বাসস্ট্যান্ডগুলোতে ছাতা হাতে কিংবা ভিজে অবস্থায় যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করছেন। বাস এলেই ওঠার জন্য শুরু হয় প্রতিযোগিতা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
বিভাগীয় পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টিজনিত দুর্ভোগ আজও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।







