নোয়াখালীর মাইজদীতে বেসরকারি আদর হাসপাতালের সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ২৫০ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন আদর হসপিটালের ফার্মেসিতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন: আদর ফার্মেসির কর্মচারি মো.দুলাল, দিনমজুর আশিক ও রাফেলসহ অন্তত ৭ জন।
স্থানীয়রা জানায়, জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডে ২৫০ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন আদর হসপিটালের ফার্মেসির নিচে বেজমেন্টে অবস্থিত পানির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে ওই ওষুধের দোকানটি পুরো লন্ডভন্ড হয়ে যায়। এসময় ফার্মেসি কর্মরত অবস্থায় ৩ কর্মচারী দগ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক।
২৫০ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজীম বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।







