ইমরান খানকে স্বয়ংক্রিয় একে-৪৭ থেকে গুলি করা হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরান খানকে লক্ষ্য করে স্বয়ংক্রিয় একে-৪৭ থেকে গুলি ছোড়া হয়েছে। এতে সাবেক এই প্রধানমন্ত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও অন্তত তিন থেকে চারটি গুলিতে বিদ্ধ হয়েছেন বলে খবর দিয়েছে রয়টার্স।
আগাম নির্বাচনের দাবিতে লংমার্চ পালনের সময় পাকিস্তানের পূর্বাঞ্চলে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একজন নেতা বলেছেন, আমাদের কয়েকজন সহকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে একজনের প্রাণহানির তথ্য আছে।
পিটিআইয়ের নেতা আসাদ ওমর বলেছেন, এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুঁড়েছেন। কয়েকজন আহত হয়েছেন। ইমরান খানও আহত হয়েছেন। তাকে বর্তমানে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সাবেক এই প্রধানমন্ত্রী আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে এই হামলার ঘটনা ঘটেছে।
Imran Khan was shot in the leg but was stable while being taken to hospital. He waived at supporters too. #عمران_خان_ہماری_ریڈ_لائن_ہے pic.twitter.com/XizoAQzPax
— PTI (@PTIofficial) November 3, 2022
জিও টিভির এক ভিডিওতে দেখা যায়, পিটিআইয়ের কর্মী জাভেদের কাপড়ে রক্তের দাগ লেগে আছে। হাসপাতালে চিকিৎসাধীন পিটিআইয়ের এই কর্মী বলেন, আমাদের কয়েকজন সহকর্মীও আহত হয়েছেন। আমরা শুনেছি, আহতদের একজন মারা গেছেন।
চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সংসদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানজুড়ে সমাবেশ করেছেন তিনি।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে এই ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।







