জনগণের ভাগ্য উন্নয়নই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
বিএনপির রাজনীতি জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের কল্যাণে নেওয়া কর্মসূচি যারা বাধাগ্রস্ত করতে চায়, তারা জনগণের ভালো চায় না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছর জনগণের অধিকার ভুলুণ্ঠিত করা হয়েছিল। বিএনপি সেই পরিস্থিতি থেকে উত্তরণ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। সব শ্রেণির মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, কতিপয় রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করে সরকারের পরিকল্পনা বাধাগ্রস্ত করছে।
তারেক রহমান আরও বলেন, গত নির্বাচনে জনগণকে বিভ্রান্ত করে কিছু আসন পাওয়ার পর তারা ধরাকে সরা জ্ঞান করছে। ১৯৭১ সালের মতো জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এখন সবাইকে সতর্ক হওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।






