জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস-ট্রাকসহ সড়ক পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সিদ্ধান্ত হবে। গতকাল বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংশ্লিষ্টরা সাংবাদিকদের জানান, জ্বালানির দাম বৃদ্ধির কারণে ভাড়া পুনর্নির্ধারণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
পরিবহন মালিকদের দাবি, সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোসহ ডলারের মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের খুচরা যন্ত্রাংশ, ইঞ্জিন অয়েল, টায়ার, টিউব ও লুব্রিকেন্টসের খরচ বেড়ে গেছে। ফলে পরিবহন খাত ক্রমেই আর্থিক চাপে পড়ছে। এই অবস্থায় খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিক ভাড়া নির্ধারণের আহ্বান জানিয়েছেন তারা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে। যদিও শুধুমাত্র ডিজেলের দাম বৃদ্ধি বিবেচনায় নিলে ভাড়া বৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ১৫ পয়সা। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। প্রস্তাবিত হার কার্যকর হলে তা বেড়ে ২ টাকা ৬৪ পয়সা হতে পারে। একইভাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৩৪ পয়সা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
এর আগে গত রোববার বনানীতে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণের খসড়া তৈরি করা হয়। ওই বৈঠকে বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, সম্প্রতি সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। নতুন দরে বর্তমানে ডিজেল বিক্রি হচ্ছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায়। এই মূল্যবৃদ্ধিই পরিবহন ভাড়া পুনর্নির্ধারণের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।








