সরকার দেশের অভ্যন্তরীণ নৌযানে যাত্রী পরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখার এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। বুধবার ৬ মে এই বিষয় সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক সরকার যাত্রীভাড়ার এই নতুন হার নির্ধারণ করেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে। আর জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
জনস্বার্থে পুনঃনির্ধারিত এই ভাড়ার হার ২০২৬ সালের ৫ মে থেকেই কার্যকর হয়েছে বলে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।








