জুমার খুতবার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম
এলাকাবাসীর রাজকীয় বিদায় অনুষ্ঠানের শেষ জুমায় ইমামের মৃত্যু

ইমাম জুমার খুতবা দিচ্ছেন, মুসল্লিরা উপস্থিত, ধর্মীয় অনুষ্ঠান চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিলেটের গোলাপগঞ্জে জুমার খুতবা চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক। এদিন তার বিদায় উপলক্ষে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিল এলাকাবাসী।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) অসুস্থতার কারণে জুমার শেষ ইমামতি করতে চেয়েছিলেন তিনি। তার বিদায় উপলক্ষে নামাজ শেষে এলাকাবাসী তার রাজকীয় বিদায়ের আয়োজনও করেছিল। কিন্তু তার এমন মৃত্যুতে মুসুল্লিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ মজনু।
জানা যায়, শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাওলানা মুহিবুল হক কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা। প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।






