আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জুম ইসথেটিক কাউন্সিলের সভাপতি শিশির চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাতিল করা হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ এর চেয়েও শক্তিশালী চুক্তি করতে হবে।
রোববার (৯ আগস্ট) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিশির চাকমা বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশ সংবিধানের আলোকে করা হয়েছে। এতে কোনো অসাংবিধানিক বিষয় নেই। তাই চুক্তি বাতিল নয়, বরং এর পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা। সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল-এর সভাপতি ও সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠী নানান নিপিড়নের শিকার। অধিকার বঞ্চিত হওয়ায় আরো পিছিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা রেখে বর্তমান সরকার পাহাড়িদের কষ্ট বুঝে তা লাগবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। তাই আদিবাসীর সাংবিধানিক স্বীকৃতিসহ দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়ন করার দাবিও জানান বক্তারা।
আলোচনা সভা শেষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।








