বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যদি আপনারা (ভারত) এইরকমভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করেন, আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, তাহলে আমরাও বাংলার বিহার উড়িষ্যা দাবি করবো। শেখ হাসিনাকে রক্ষায় বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালাচ্ছে বলেও জানান তিনি।
বুধবার ৪ ডিসেম্বরে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্টের বিক্ষোভ মিছিলে তিনি এই কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতায় থাকতে ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদির কোন উপায় নেই। যে কোন ধর্মের কট্টরপন্থা মানবতাবিরোধী। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়বো।
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, আমরা হিন্দু-মুসলমানরাও একসঙ্গে যুদ্ধ করবো। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জুলাই অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ দেখে ‘গোটা বিশ্ব কেঁদে উঠলেও’ ভারত এখনও শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।








