সাউথ আফ্রিকায় টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড মেয়েদের কাছে পাত্তা পায়নি আয়ারল্যান্ডের মেয়েরা। ১০৫ রানের টার্গেট অ্যালিস ক্যাপসির মারকাটারি ইনিংসে ভর করে ৪ উইকেট ও ৩৪ বল হাতে রেখে সহজে অতিক্রম করে ইংল্যান্ড। দুই জয়ে টেবিলের শীর্ষস্থান পাকা হলো ইংলিশদের।
পার্লে সোমবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড অধিনায়ক লরা ডিলেনি। তবে প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে আইরিশরা। নির্ধারিত ওভারের আগে সব উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান তুলতে পারে।
জবাবে প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া ১৮ বর্ষী ইংলিশ ব্যাটার ক্যাপসি তিনে নেমে ঝড় শুরু করেন। ২২ বলে ৫১ রান আসে তার থেকে, আউট হন কেলীর বলে। ওপেনার ড্যানি ওয়েইট ১৬, অধিনায়ক হেদার নাইট করেন ১৪ রান ও জোন্স করেন ১২ রান।
আয়ারল্যান্ডের মারে ৯ রানে, রিচার্ডসন ১৪ রানে এবং ওরলা ১৩ রানে একটি করে উইকেট নেন।
আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার গ্যাবি লুইসের থেকে, ৩৭ বল খেলে ৩৬ রান করেন তিনি। এছাড়া এমি হান্টার ১৫, ওরলা ১৭ এবং অধিনায়ক ডিলেনীর থেকে ১২ রান আসে। অন্য কোন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে না পারলে ১৮.২ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
ইংল্যান্ডের সোফি একলিস্টোন ১৩ রানে ৩টি ও সারাহ গ্লেন ১৯ রানে ৩টি করে উইকেট নেন। চার্লি ডীন ২৬ রানে ২টি উইকেট নেন।








