ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে পেসার হিসেবে প্রথমবার আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন জাসপ্রিত বুমরাহ। সব মিলিয়ে ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন ৩০ বর্ষী পেসার। এর আগে এমন কীর্তি গড়েছিলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও প্রয়াত বিষেণ সিং বেদি।
বুধবার আইসিসি প্রকাশিত নতুন র্যাঙ্কিং অনুযায়ী, তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন বুমরাহ। ইতিহাস গড়তে সতীর্থ অশ্বিনকে শীর্ষস্থান থেকে সরিয়েছেন। তারকা বলারের এতদিন সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল তিন নম্বর।
এর আগে ভারতীয় পেসারদের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ দুইয়ে উঠেছিলেন সাবেক পেস অলরাউন্ডার কপিল দেব। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দ্বিতীয় স্থান ধরে রেখেছিলেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ভারতের আরেক পেসার জহির খান ২০১০ সালের অক্টোবরে থেকে নভেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের তিনে ছিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯১ রানের বিনিময়ে ৯ উইকেট শিকারের পরই র্যাঙ্কিংয়ে সবার উপরে উঠলেন বুমরাহ। বিশাখাপত্তম টেস্টে ম্যাচ সেরার পুরস্কারও পান। ডানহাতি এ পেসারের দারুণ বোলিংয়ে ম্যাচটি জিতে পাঁচ টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফেরে ভারত। বুমরাহ প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। ৩৪তম টেস্টের ক্যারিয়ারে যা ছিল তার দশমবার পাঁচ উইকেট শিকারের নজির।
দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া ভারতের ওপেনার যশ্বী জয়সওয়ালও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ৩৭ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২৯ নম্বরে। বিশাখাপত্তমে ক্যারিয়ার সেরা ২০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। সাউথ আফ্রিকার বিপক্ষে কিউই অধিনায়ক দুই ইনিংসেই সেঞ্চুরি পান, খেলেছেন ১১৮ ও ১০৯ রানের ইনিংস।
তবে ভারতের বিপক্ষে বিশাখাপত্তম টেস্টে পারফর্ম করতে না পারায় জো রুট দুই থেকে নেমে গেছেন তিনে। স্টিভ স্মিথ উঠে এসেছেন দুইয়ে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করা জ্যাক ক্রলি ৮ ধাপ এগিয়ে আছেন ২২তম স্থানে।







