আইসিসির মাসসেরার দৌড়ে জয়সওয়াল

আইসিসি মাসসেরার দৌড়ে জয়সওয়াল, পুরস্কার গ্রহণের সময়ের ছবি, বাংলাদেশি ক্রিকেটার. Channel i News – চ্যানেল আই নিউজ
ফেব্রুয়ারি মাসটা স্বপ্নের মতো কেটেছে ভারতের ওপেনার যস্বী জয়সওয়ালের। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রানবন্যা বইয়ে দিয়েছেন বাঁহাতি তারকা। দুটি ডাবল সেঞ্চুরি করে করেছেন। ভারতীয় তরুণ জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরার মনোনয়নেও।
আইসিসি ফেব্রুয়ারি মাসের সেরার তালিকা প্রকাশ করেছে। জয়সওয়ালের সঙ্গে মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। তাদের একজন হবেন মাসসেরা।
জয়সওয়াল ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২১৯ রান করার পর রাজকোটে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও হাঁকান ডাবল সেঞ্চুরি। তার অসাধারণ ব্যাটিংয়ে সিরিজে লিড নিতে পারে টিম ইন্ডিয়া। ২০২৩-২৫ চক্রে আইসিসির লিডিং রান স্কোরারও হয়ে গেছেন তিনি।
ফেব্রুয়ারিতে জয়সওয়াল বেশকিছু রেকর্ড গড়েছেন। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ভাগ বসিয়েছেন। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ও বিনোদ কাম্বলির পর তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন। গতমাসে ১১২ গড়ে রান করেছেন ৫৬০। ছিল ২০টি ছক্কা।
জয়সওয়ালের পর গতমাসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৭ রান করেছেন নিশাঙ্কা। যার মধ্যে ৯ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ১৩৯ বলে ২১০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়ে যান।
সাউথ আফ্রিকার বিপক্ষে কিউইদের সাদা পোশাকে আলো ছড়িয়েছেন উইলিয়ামসন। ফেব্রুয়ারিতে প্রোটিয়াদের বিপক্ষে খেলা দুই টেস্টে তিন সেঞ্চুরি করেন তিনি। ১৩৪.৩৩ গড়ে সর্বোচ্চ ৪০৩ রান করে সিরিজসেরার পুরস্কার জিতে নেন।






