আইসিসির ‘হল অব ফেমে’ এবছর যুক্ত করা হল কিংবদন্তি অ্যালিস্টার কুক, নীতু ডেভিড ও এবি ডি ভিলিয়ার্সের নাম। বুধবার তিন নক্ষত্র ক্রিকেটারকে ফেমে যুক্ত করার খবর জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
সুদীর্ঘ ও বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের জন্য প্রতিবছর বিশ্বের খ্যাতিমান সাবেক ক্রিকেটারদের স্বীকৃতিমূলক বিশেষ সম্মাননা প্রদান করে খেলাটির অভিভাবক সংস্থা আইসিসি, যাকে ‘হল অব ফেম’ বলা হয়। ইংল্যান্ডের গ্রেট অ্যালিস্টার কুক, ভারতের কিংবদন্তি নীতু ডেভিড এবং সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটার এবি ডি ভিলিয়ার্সকে এবছর সম্মান জানানো হল।
গতবছর প্রথম ভারতীয় নারী হিসেবে হল অব ফেমে যুক্ত করা হয় সাবেক অধিনায়ক ডিয়ানা এডুলজিকে। এবার দ্বিতীয় ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে সম্মান জানানো হল নীতুকে।
১৯৯৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে ৫৩ রানে ৮ উইকেট নিয়েছিলেন নীতু। জাতীয় দল জার্সিতে সবমিলিয়ে ১০ টেস্টে ৪১ উইকেট শিকার করেন এ বাঁহাতি। ওয়ানডেতে ৯৭ ম্যাচ খেলে নেন ১৪১ উইকেট।
আইসিসির সম্মাননা পেয়ে ৪৭ বর্ষী নীতু বলেছেন, ‘আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া সত্যিই একটি সম্মানের বিষয়, আমি মনে করি জাতীয় দলের জার্সিতে এটি সর্বোচ্চ স্বীকৃতি। ক্রিকেটের প্রতি জীবন উৎসর্গ করার পরেই কেবল এই বিন্দুতে পৌঁছানো সম্ভব।’
সাউথ আফ্রিকার সাবেক এবি ডি ভিলিয়ার্স ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটে ২০ হাজারের বেশি রান করেছেন। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। প্রোটিয়াদের হয়ে ১১৪ টেস্টে ৫০.৬৬ গড়ে ৮,৭৫৬ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটার। ওয়ানডেতে ২২৮ ম্যাচে ৫৩.৫০ গড়ে ৯,৫৭৭ রান এবং ৭৮ টি-টুয়েন্টিতে ২৬.১২ গড়ে ১,৬৭২ রান এসেছে তার ব্যাটে।
৪০ বর্ষী ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া একটি অসাধারণ সম্মানের, এভাবে স্বীকৃত ক্রিকেটারদের একটি নির্বাচিত গ্রুপে যোগদান করতে পেরে আমি খুবই খুশি।’
ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালিস্টার কুক ১২ বছরের ক্যারিয়ারে ১৬১ টেস্টে ৪৫.৩৫ গড়ে ১২,৪৭২ রান করেছেন বাঁহাতির খেল দেখিয়ে। ওয়ানডেতে ইংলিশদের হয়ে ৯২ ম্যাচে ৩,২০৪ ও চার টি-টুয়েন্টিতে ৬১ রান এসেছে তার ব্যাটে।
সম্মাননা পেয়ে ৩৯ বর্ষী কুক বলেছেন, ‘ফেমে যুক্ত হওয়া আমার জন্য আশ্চর্যজনক ছিল। যখন এমনকিছু গ্রেটদের তালিকায় যোগদান করবেন, তখন সেটি নিজের কাছে আশ্চর্যজনকই মনে হবে। আমি খুব খুশি।’








