মুলতানে চলছে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত ফিল্ড আম্পায়ার হিসেবে প্রথম টেস্টে দায়িত্ব পালন করছেন। শ্রীলঙ্কার কুমারা ধর্মসেনার সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন তিনি।
গত মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন সৈকত। এটি তার ১৯তম টেস্ট।
৫ অক্টোবর একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে সৈকতকে রাখা হয়েছে তৃতীয় আম্পায়ার হিসেবে। মাঠের দায়িত্বে থাকবেন ধর্মসেনা ও ক্রিস গ্যাফানি। আর চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের রশিদ রিয়াজ।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ২৪ অক্টোবর থেকে। রাওয়ালপিন্ডিতেও ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত। তার সঙ্গে থাকবেন গ্যাফানি। আর তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ধর্মসেনা। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের ফয়সাল আফ্রিদি। পুরো সিরিজের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন স্যার রিচি রিচার্ডসন।
মূলত টেস্ট ম্যাচ পরিচালনার জন্যই করা হয় আইসিসির অভিজাত বা এলিট প্যানেল। এর বাইরে থেকেও টেস্টে আম্পায়ারিংয়ের সুযোগ দেয়া হয় তবে বেশিরভাগ টেস্ট পরিচালনা করেন এই প্যানেলের সদস্যরাই। শীর্ষ আম্পায়ারদের এই ক্যাটাগরির দেড় যুগের পথচলায় সৈকতই প্রথম।
২০০৬ সাল থেকে সৈকত আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে ছিলেন। ২০১০ বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে প্রথম আম্পারিংয়ের দায়িত্ব পান। ১৪ বছর পর জায়গা করে নিলেন শীর্ষ ক্যাটাগরিতে।







