আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি, নেবে না কোন আইনি পদক্ষেপ

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ভারতে গিয়ে না খেলার অবস্থানে অনড় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে। আইসিসির এমন সিদ্ধান্তকে মেনে নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। এ নিয়ে কোনো আরবিট্রেশন বা কোনো ধরনের আইনি পদক্ষেপ নেবে না বিসিবি।
শনিবার বোর্ড সভায় বিসিবি এই সিদ্ধান্ত নেয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই তথ্য জানান।
বলেছেন, ‘আমরা আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছি। যেহেতু আইসিসি বলেছে যে, আমরা খেলতে যেতে পারব না বা শ্রীলঙ্কায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না তারা, এই ক্ষেত্রে আমরা ভারতে গিয়ে খেলতে পারছি না। আমাদের অবস্থান ওখানেই আছে। এখানে আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না।’
‘আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট মিটিং ছিল এবং ওখানে সিদ্ধান্ত আসে। সিদ্ধান্তে স্পষ্ট করে বলা হয়েছে যে, আমাদেরকে ওই সূচিতে যদি পরিবর্তন না হয়, ভারতে গিয়ে আমাদের দল অংশগ্রহণ করতে পারবে না। এটা সরকার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।’
‘ওটার পরে আমরা পরবর্তীতে আইসিসি বলেছিল ২৪ ঘন্টার মধ্যে রিপ্লাই করতে। আমরা তাদেরকে আবারও জানিয়েছি বিনয়ের সঙ্গে, এই সূচি অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব না।’
এর আগে গত বৃহস্পতিবার বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবি ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পরে সংবাদ মাধ্যমে বলেছিলেন, ‘ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। আর এই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের।’






