বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করেছেন। আমরা তার অপেক্ষায় আছি। নভেম্বরের মধ্যে আমরা তাকে কাছাকাছি দেখতে পারব ইনশাআল্লাহ।
রোববার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফেরার আগেই দুর্নীতি বন্ধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পরিকল্পনা তৈরি করছেন।
এ্যানি বলেন, রাজনীতি হচ্ছে সম্মান আর সেবার জায়গা। পকেটস্থ করার জন্য রাজনীতি নয়। কেউ যদি এ উদ্দেশ্যে রাজনীতি করতে চান, তাহলে বিএনপি থেকে বিদায় নিতে হবে।
সম্মেলনে কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বেউপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন দলের সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম।








