স্বাস্থ্য

উচ্চরক্তচাপ বর্তমান বিশ্বে অন্যতম পাবলিক হেলথ চ্যালেঞ্জ

বিশেষজ্ঞরা স্বাস্থ্য সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য সম্মেলনে পাঁচজন বিশেষজ্ঞ বক্তা মঞ্চে দাঁড়িয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় অধ্যাপক ব্রিগ. (অবঃ) আব্দুল মালিক বলেছেন, ‘উচ্চরক্তচাপ বর্তমান বিশ্বে অন্যতম পাবলিক হেলথ চ্যালেঞ্জ। উচ্চরক্তচাপ একটি নীরব ঘাতক যা বিশ্বব্যাপী হৃদরোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়িয়ে তুলছে। উচ্চরক্তচাপ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে চিকিৎসকসহ সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। উচ্চরক্তচাপ মোকাবেলায় বৈজ্ঞানিকভাবে নির্ভুল একটি নির্দেশিকা প্রকাশ করে আইপিডিআই ফাউন্ডেশন অনুকরণযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ফাউন্ডেশনের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি মনে করি।’

গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে প্রিভেন্টিভ কার্ডিওলজির অন্তর্জাতিক কনফারেন্স আইপিডিআই প্রিভেন্টিভ কার্ডিওকন ২০২৩-এর অনুষ্ঠানে আইপিডিআই ফাউন্ডেশন প্রকাশিত ‘আইপিডিআই হাইপারটেনশন ম্যানুয়ালে’র মোড়ক উম্মোচন পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আইপিডিআই ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মহসীন আহমদ তার স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগ প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছে। এছাড়াও তরুণ চিকিৎসকদের পেশাগত উন্নয়নে নিয়মিতভাবে বৈজ্ঞানিক সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে যাচ্ছে আইপিডিআই ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় উচ্চরক্তচাপ প্রতিরোধে আমরা হাইপারটেনশন ম্যানুয়াল প্রকাশ করেছি। চিকিৎসাসেবার ক্ষেত্রে তরুণ চিকিৎসকগণ এতে উপকৃত হবে বলেই আমাদের বিশ্বাস।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী সমাপনী বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগ নির্মূলে বৈজ্ঞানিক গবেষণা এবং এ বিষয়ক নানা সেমিনার এবং কনফারেন্সের আয়োজন করে আসছে। ভবিষ্যতেও আইপিডিআই তাদের এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। কনফারেন্সে সায়েন্টিফিক সহযোগী হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

কনফারেন্সে হৃদরোগে গবেষণায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী এবং অধ্যাপক ডা. জাকির হোসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। সারা বাংলাদেশের প্রায় দুই শতাধিক চিকিৎসক এই কনফারেন্সে উপস্থিত ছিলেন।

আইপিডিআই ফাউন্ডেশন মূলত হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের একটি সহযোগী সংগঠন। দেশব্যাপী হৃদরোগ বিষয়ক সচেতনতার প্রসার এবং জনহিতৈষী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি ইতোমধ্যেই ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের পূর্ণ সদস্যপদ অর্জন করেছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…