পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আজিজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আজিজুল ওই গ্রামের মো. ছলিম উদ্দীনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বাড়ির সামনে আজিজুলের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলছিল শিশুটি। একপর্যায়ে আজিজুল তার মেয়েকে কৌশলে দোকানে পাঠিয়ে শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় শিশুটি চিৎকার করে সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
পরে শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আজিজুলের বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় তিনি সদুত্তর না দিয়ে পালানোর চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।






