যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মিল্টন। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে শক্তি হারিয়ে পাঁচ মাত্রা থেকে তিন মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মিল্টন।
২ সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিপর্যস্ত হয়েছিল প্রাণঘাতি হেরিকেন হেলেনের আঘাতে। ২ দশকের সবচেয়ে ভয়াবহ সেই ঘূর্ণিঝড়ের বিপর্যয় কাটিয়ে না উঠতেই অঙ্গরাজ্যটিতে এবার হেরিকেন মিল্টনের দুর্যোগ।
প্রবল বাতাস, ভারী বৃষ্টি আর জলোচ্ছ্বাস মিলিয়ে ফ্লোরিডা উপকূলে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় মিল্টন। এর প্রভাবে প্লাবিত হয়েছে কিউবার বিভিন্ন এলাকাও।
ফ্লোরিডায় শতাব্দীর সবচেয়ে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে জানিয়ে, স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পরে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের।
উপকূলের দিকে এগিয়ে আসার পথে ঘূর্ণিঝড় মিল্টন কিছুটা দুর্বল হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে ফ্লোরিডার স্থানীয় কর্তৃপক্ষ।








