জনপদ

স্ত্রী খুন, ঘাতক স্বামী ও তার ভাই আটক

স্ত্রী খুন, ঘাতক স্বামী ও তার ভাই আটক

ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে স্বামীর অমানুষিক নির্যাতনে প্রাণ হারিয়েছেন স্ত্রী ঐশী আক্তার (২৫)। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী সোহেল খান (২৮) ও তার ছোট ভাই তানভীর খানকে আটক করেছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়।

নিহত ঐশী আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। অভিযুক্ত সোহেল খান কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের কাদের খানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

খোঁজ নিয়ে জানা গেছে, দাম্পত্য কলহের জের ধরে গত চারদিন পূর্বে সোহেল তার স্ত্রী ঐশীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। এ সময় ঐশীকে অমানুষিক নির্যাতন করা হয়। এতে ঐশীর মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত লাগে।

নিহত ঐশীর পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, সোমবার সকালে ঐশীর শারীরিক অবস্থার অবনতি হয় এবং অচেতন হয়ে পড়েন। পরে সোমবার সকালে তাকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঐশী আক্তারকে মৃত বলে ঘোষণা করেন।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম জানান, মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল খান ও তার ভাই তানভীর খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ওসি আরও জানিয়েছেন, নিহতের চোখসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

বিষয়:ঘাতক স্বামী আটক দাম্পত্য কলহ স্ত্রী খুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…