রাজনৈতিক আশ্রয়ের আবেদনে বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ বিবেচনা করছে ইইউ

ছবি: সংগৃহীত
বাংলাদেশে স্থিতিশীল সরকার ও পরিস্থিতির কারণে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে দেশটিকে ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার।
সোমবার (১২ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাংলাদেশের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা জানান তিনি।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অন্যদিকে, ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমিশনার ম্যাগনাস ব্রুনার।
বৈঠকে ব্রুনার জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধের পাশাপাশি বৈধ পথে অভিবাসনের সুযোগ নিশ্চিত করতে ইইউ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে অনিয়মিত অভিবাসন রোধ এবং অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্যে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে বৈধ অভিবাসন সম্প্রসারণ, মানবপাচার প্রতিরোধ এবং বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপে কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা হয়।






