ভারতের উত্তরবঙ্গ ও সিকিমে বর্ষার নির্ধারিত সময়ের পাঁচদিন পর ভারী বর্ষণে ধস দেখা গিয়েছে অনেক জায়গায়। কয়েকদিন ধরেই বর্ষার জেরে ভালো বৃষ্টি হচ্ছে হিমালয়ের কোলে। দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। রোববার উদ্ধারকাজে সেনা মতায়নের পর উত্তর সিকিম থেকে ৩০০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ জুন) সিকিমে বৃষ্টিতে ধস নামায় ভেঙে পড়েছে দুটি সেতু। পর্যটকদের ভোগান্তি থেকে রক্ষা করতে উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনা।
ভারী বর্ষণে তিস্তাসহ বেশ কয়টি পাহাড়ি নদী বিপদসীমায় ছুঁয়েছে। ধস নামায় ১০০টির বেশি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এই পরিস্থিতিতে সিকিমের বিভিন্নি জায়গায় আটকে পড়েছে শতাধিক পর্যটক।
গত সপ্তাহ থেকেই সিকিমে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রকোপে রাস্তায় ধস নামছে। বাকি রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাচুং, লাচেং। পেলিং যাওয়ার রাস্তাতেও ধস নমে।
ভারতীয় আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, সিকিমে আরও ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলাতেও অতিভারী বৃষ্টি হতে পারে জানানো হয়েছে। বৃষ্টির পূর্বাভাস দিয়ে উত্তরবঙ্গের তিন জেলায় (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার) জারি করা হয়েছে রেড অ্যালার্ট।







