ডর্টমুন্ড পরীক্ষার আগে কেন কোচের সাথে যোগাযোগ করতে মানা বায়ার্নের

ঠিক এক সপ্তাহ আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি। এরমধ্যে শনিবার বুন্দেসলিগা চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বাভারিয়ানদের ম্যাচ। তবে ম্যাচটির আগে কোচের সাথে সম্পূর্ণ যোগাযোগ করতে মানা করে দিয়েছে জার্মান জায়ান্টরা।
বায়ার্নের সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস শুক্রবার বলেছেন, ‘কোম্পানি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে সেরে উঠছেন। তার সাথে ম্যাচটি নিয়ে আলোচনা না করার নির্দেশ আছে ক্লাব থেকে। আমরা তার সাথে ফুটবল নিয়ে কথা বলি না। এ ব্যাপারে আমাদের স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। তার সুস্থ হওয়া এবং পরিবারের সাথে সময় কাটানো প্রয়োজন। আমরা তাকে কোন কিছুতে জড়াচ্ছি না, যাতে সে ফিরে এসে পুরোপুরি খেলায় ফিরতে পারে।’
বুধবার জার্মান কাপে ম্যাগডেবার্গের বিপক্ষে ৬-১ গোলের জয়ে ড্যাঙ্কস দায়িত্ব পালন করেন। সোমবার ব্যালন ডি’অর জেতার পর শনিবার ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে হ্যারি কেনের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
বায়ার্নের ক্রীড়া বিষয়ক বোর্ড সদস্য ম্যাক্স এবার্ল বুধবার জার্মান সম্প্রচারকারী সংস্থাকে জানিয়েছেন, ৪০ বর্ষী কোম্পানির মেনিনজিয়াল ইরিটেশনের চিকিৎসা করা হয়েছে। এটি হলো মস্তিষ্ক বা মেরুদণ্ডের চারপাশের টিস্যুর একটি প্রদাহ।
গত সপ্তাহে অনুশীলন সেশনের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়েন বায়ার্ন কোচ কোম্পানি। দ্রুত এ বেলজিয়ান কোচকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রাখা হয়।
লিগে শনিবার রাতে বাংলাদেশ সময় সাড়ে ১১টায় বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় লড়বে দুদল। জার্মান ক্ল্যাসিকোটি যদি অন্তত ড্র না হয়, তাহলে লিগেই অপরাজিত তকমা ভেঙে যেতে পারে যেকোনো এক ক্লাবের।





