রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষককে মারধর ও হত্যাচেষ্টায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা।
এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে থেকে একটি প্রতিবাদ র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। প্রতিবাদ র্যালির সময় ‘শিক্ষকের প্রাণনাশ জাতির হবে সর্বনাশ, ‘শিক্ষকের লাঞ্ছনায় প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও! দুর্বৃত্তের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
জানা গেছে, গত ২৬ জানুয়ারি রাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে মিষ্টিবাড়ি দোকানের সামনে অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজার ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। ওই রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) একজনকে গ্রেপ্তার দেখানো ছাড়া আর কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে পলাতক অন্য আসামিকে গ্রেপ্তার ও এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, স্যারের ওপর যে হামলা হয়েছে এ ব্যাপারে কার্যকরী কোন ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের কাছে এর জবাব চাই। সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হলেও তার কোন জবাব এখনও পাওয়া যায়নি জানান তিনি।
একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিদ বলেন, প্রশাসন মাত্র ১ জনকে গ্রেপ্তার করে থেমে গেছে। যে আসামি এখনো ঘুরে বেড়াচ্ছে তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। অন্য আসামিকে গ্রেপ্তার করা না হলে আন্দোলন আরও তীব্রতর হবে।








