বাংলাদেশ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় হাসনাত-আসিফ-পাটওয়ারী কার কী প্রতিক্রিয়া

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় হাসনাত-আসিফ-পাটওয়ারী কার কী প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও ইসিবি চত্বরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুরের ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এসব ঘটনায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

রোববার ২৭ সেপ্টেম্বর বেলা ১১টা ও গতকাল শনিবার রাতে হাসনাত এসব ঘটনায় পোস্ট দেন।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও।

বিএনপির সংস্কারবিরোধী অবস্থানকে দায়ী করলেন হাসনাত
রোববার সকালে দেওয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে বিএনপির সংস্কারবিরোধী অবস্থানের কারণেই বাংলাদেশে এ ধরনের অস্থিতিশীল, বিশৃঙ্খল ও জননিরাপত্তাহীন ঘটনা ঘটছে।

পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হাসিনার রেখে যাওয়া ফিটনেসবিহীন গাড়ির ভালো চালক হতে চেয়েছিলেন। কিন্তু ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারই চালাক না কেন দিনশেষে খাদে পড়া স্বাভাবিক।

হাসনাত আবদুল্লাহ পোস্টে লিখেছেন, ‘সালমান মুক্তাদিরের মতো তরুণেরা যে প্রজন্মের পাইয়োনিয়র, তারা জুলাইয়ে রাজপথে নেমে এসেছিল কেবল ক্ষমতার হাতবদল দেখার জন্য নয়; বরং পুনর্গঠন ও সংস্কারের মাধ্যমে আদর্শ নাগরিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা ছিল জুলাই অভ্যুত্থানের মূল নিয়ামক৷ কিন্তু গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুদক এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের মতো আরও অনেক ফরজ ও সেনসিটিভ সংস্কারে বাধার প্রাচীর তুলেছে বিএনপি৷ উপরন্তু, বিএনপি পতিত স্বৈরাচারের জরাগ্রস্ত, পচা, বাসি ও ব্যর্থ রাষ্ট্রব্যবস্থাকে টেকানোর দায় নিয়েই যেন সর্বস্ব দিয়ে ফাইট (লড়াই) করেছে৷’

স্বাস্থ্যকেন্দ্রে হামলায় বিএনপি ও পুলিশকে দোষারোপ
ইসিবি চত্বরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা নিয়ে গতকাল রাতে আরেকটি ফেসবুক পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। তিনি এ ঘটনার জন্য বিএনপির সংরক্ষিত আসনের এক সদস্য ও উত্তর মহানগর বিএনপির সাবেক সদস্যকে দায়ী করেন। তিনি তাদের নাম উল্লেখ করে লেখেন, তাদের নেতৃত্বেই এই হামলা হয়েছে। এ সময় পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

হাসনাত আবদুল্লাহ হামলা শুরুর পর পুলিশ সেখান থেকে সরে যায় বলে অভিযোগ তোলেন। হামলা করতে যাওয়া ব্যক্তিদের কেউ একজন থানায় ছিলেন বা ওসির সামনে ছিলেন বলেও অভিযোগ করেন।

হাসনাত লিখেছেন, ‘১৯৭১ সালের আগে এই জমিটি ছিল বিহারিদের সম্পত্তি মুক্তিযুদ্ধের পর জমিটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গৃহায়ণ কর্তৃপক্ষ এর মালিক হয়৷ গৃহায়ণ ব্যবহারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেয়৷ এরপর থেকেই ১৯৭৪ সাল থেকে এই জমিতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হয়ে আসছে৷ পরে ২০০৬ সালে সমমনা দোকানদার সমবায় সমিতি নামে জমিটি গৃহায়ণের কাছ থেকে লিজ (ইজারা) নেয়৷ এ নিয়ে রাড্ডা হাইকোর্টে একটি রিট দায়ের করে, যা এখনো চলমান৷ এদিকে আওয়ামী লীগের এক নেতা জমিটিকে পারিবারিক দাবি করে মামলা করেন৷ তারা অবশ্য পলাতক ৫ আগস্টের পর থেকে৷’

হাসনাত লেখেন, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি আবার দুই পক্ষ৷ দুই পক্ষই বিএনপি৷’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘রাড্ডার জমির বিষয়টি একটি দীর্ঘদিনের আইনি বিরোধ হয়, যদি জমির মালিকানা নিয়ে আদালতে মামলা ও রিট চলমান থাকে, তাহলে কোনো পক্ষ কীভাবে শত শত লোক নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দখল বুঝে নিতে পারে? আরও বড় প্রশ্ন, পুলিশের উপস্থিতিতে কীভাবে এমন একটি হামলা সংঘটিত হলো এবং পুলিশ কেন ঘটনাস্থল থেকে সরে গেল?’

‘সালমান মুক্তাদিরের পাশে আছি’ বলে আসিফের স্ট্যাটাস
রাত দেড়টার পরে একটি পোস্টে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ভিডিও যুক্ত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, ‘চাঁদা না দেওয়ায় মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় জনপ্রিয় ইউটিউবার এবং জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।’

প্রায় একই সময়ে আরেকটি পোস্টে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে সালমান মুক্তাদিরের একটি ভিডিও যুক্ত করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি লিখেছেন, ‘সালমান মুক্তাদিরের পাশে আছি।’

পরিবর্তনটা কোথায় জানতে চান পাটওয়ারী
এ ঘটনায় পোস্ট দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার পর দেওয়া পোস্টে তিনি জানান, ‘রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায়?’

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ‘এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।’

জুলাই গণ-অভ্যুত্থানে সালমান মুক্তাদিরের অবদানের কথা উল্লেখ করে এনসিপির এই নেতা লেখেন, ‘জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, সালমান মুক্তাদির তখন প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন।’

চাঁদা না দেওয়ায় গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।

আর গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১ এ স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার হামলা ও লুটপাট চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

বিষয়:ক্ষুব্ধ প্রতিক্রিয়ানাসীরুদ্দীন পাটওয়ারীসালমান মুক্তাদিরহাসনাত আবদুল্লাহ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…