ইয়েমেনি ১৫৯ সেনা সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ছবি: সংগৃহীত
ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হাতে আটক হয় ১৫৯ জন ইয়েমেনি সেনা। কোনো লড়াই না করে আত্মসমর্পণ করা ইয়েমেনি সরকারি বাহিনীর সেনাদেরকে মুক্তি দিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
হুথিরা জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত সেনারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারি বাহিনীর সদস্য। গত মাসে যখন লোহিত সাগরের তীরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল হুথিরা দখল করে তখন তারা ‘কোনো লড়াই ছাড়া স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন’।
হুথি কর্মকর্তা আব্দুলকাদের আল-মুরদাতা সাংবাদিকদের শনিবার (১৭ অক্টোবর) বলেন, সাধারণ ক্ষমার আওতায় এসব সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। সবমিলিয়ে মোট ৩২৩ যুদ্ধবন্ধিকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রেডক্রস জানিয়েছে, হুথিদের কাছ থেকে ইয়েমেনের এসব সেনাকে মুক্ত করতে সহায়তা করে তাদের নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
তবে ইয়েমেনের সরকারের তরফ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য জানা যায়নি।



