আন্তর্জাতিক

হুতি হামলায় নিরাপত্তা উদ্বেগ: সৌদি আরবে ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ সম্মেলন স্থগিত

হুতি হামলায় নিরাপত্তা উদ্বেগ: সৌদি আরবে ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ সম্মেলন স্থগিত

ছবি: সংগৃহীত।

সৌদি আরবে একের পর এক হুথি হামলার প্রেক্ষাপটে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রাজধানী রিয়াদের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

‘দাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত এই সম্মেলন সৌদি আরবের অন্যতম প্রধান আন্তর্জাতিক বিনিয়োগ আয়োজন। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন ‘দাভোস’-এর আদলে পরিচিতি পাওয়া এই আয়োজনের মাধ্যমে সৌদি আরব বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পর্যটন, ক্রীড়া ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে।

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর রিয়াদে সম্মেলনটির ১০ম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্মেলনের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এফআইআই (FII) ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ এক বিবৃতিতে বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর অঙ্গীকার থেকেই সম্মেলন নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের আয়োজন ১০ম আসর হওয়ায় এর ব্যাপ্তি, মান ও প্রভাব প্রত্যাশা অনুযায়ী নিশ্চিত করতে চান তারা।

সম্মেলনে গুগল ও অ্যালফাবেটের প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ফিঙ্কের অংশ নেওয়ার কথা ছিল।

এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত তীব্র হয়েছে।

হুথিরা সৌদি আরবের সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে। এসব হামলায় রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরও আক্রান্ত হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি রাজধানী রিয়াদের বিভিন্ন সরকারি সংস্থার কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার ভবনেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মীদের কর্মস্থলে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ভবনটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি আঞ্চলিক কার্যালয় রয়েছে।

গত রোববার (১৮ অক্টোবর) রাজধানীর একটি সরকারি সংস্থার কর্মীকে পাঠানো বার্তায় বলা হয়, সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দূর থেকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে কর্মীদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

এ ছাড়া, রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদেরও বাসা থেকে কাজ করতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। উল্লেখ্য ওই এলাকাতে বেশ কয়েকটি বড় মার্কিন প্রতিষ্ঠানের কার্যালয়ও রয়েছে।

বিশ্লেষকদের মতে, সম্মেলন স্থগিত এবং রাজধানীতে দূর থেকে কাজের নির্দেশ সৌদি আরবের ব্যবসায়িক পরিবেশ ও আন্তর্জাতিক বিনিয়োগ কার্যক্রমে নিরাপত্তা পরিস্থিতির প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করতে পারে। তবে সম্মেলন স্থগিতের কারণ হিসেবে এফআইআই কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে সরাসরি হুথি হামলার কথা উল্লেখ করা হয়নি।

বিষয়:ইয়েমেন কিংডম সেন্টা দাভোস ইন দ্য ডেজার্ট রিয়াদ সৌদি আরব হুথি হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…